বিশ্বকাপ ফুটবলকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। চার বছর অপেক্ষার পর সারা বিশ্বের মতো বাংলাদেশেও কোটি দর্শক টিভি ও ডিজিটাল পর্দায় চোখ রাখেন এই মহাযজ্ঞে। তবে এবারের বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে টিভিতে দেখা যাবে কি না এ নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই উদ্বেগের মধ্যেই এলো বড় স্বস্তির খবর।
বাংলাদেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক জানিয়েছে, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে। অর্থাৎ বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি তে দেশের দর্শকরা যেকোনো স্থান থেকে সরাসরি দেখতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।
আজ বুধবার নিজেদের ভেরিফায়েড পেজে বাংলালিংক বিষয়টি নিশ্চিত করেছে। তাদের ঘোষণা অনুযায়ী:
- সব বাংলালিংক ইউজার টফি অ্যাপে ফ্রি লাইভে বিশ্বকাপ দেখতে পারবেন
- তবে এজন্য গ্রাহকদের নির্দিষ্ট প্যাক কিনতে হবে
- ডিজিটাল সম্প্রচার নিশ্চিত হলেও টেলিভিশনে সম্প্রচার এখনো চূড়ান্ত হয়নি
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে নতুন ফরম্যাটে।

