পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত এক বিশাল গ্রহাণু—এমন তথ্য জানিয়েছে NASA। তবে এটি নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, Apophis নামের এই গ্রহাণুটি ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। প্রাচীন মিসরীয় ‘বিশৃঙ্খলার দেবতা’ থেকে এর নামকরণ করা হয়েছে।
নাসার তথ্য অনুযায়ী, গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার মাইল দূর দিয়ে অতিক্রম করবে, যা অনেক কৃত্রিম উপগ্রহের কক্ষপথের চেয়েও কাছাকাছি। এজন্য একে ‘সম্ভাব্য বিপজ্জনক’ শ্রেণিতে রাখা হলেও বাস্তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি তৈরি করবে না।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই গ্রহাণুটিকে পর্যবেক্ষণ করছেন এবং নিশ্চিত করেছেন যে অন্তত আগামী ১০০ বছর এটি পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ নয়। পৃথিবী, মহাকাশচারী কিংবা কক্ষপথে থাকা স্যাটেলাইট কোনোটির জন্যই তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই।
তবে গবেষকদের কাছে এটি একটি বিরল সুযোগ। এত কাছ দিয়ে বড় আকারের কোনো গ্রহাণুর অতিক্রমণ বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সুযোগ সৃষ্টি করবে, যা ভবিষ্যতে মহাকাশ গবেষণায় সহায়ক হবে।
অনুকূল আবহাওয়া থাকলে পূর্ব গোলার্ধের মানুষ খালি চোখেই এই গ্রহাণুটি দেখতে পারবেন বলে জানিয়েছে নাসা।

