যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লির এক প্রস্তাবকে কেন্দ্র করে আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাম্পোল্লি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ের কাছেই প্রস্তাব দিয়েছেন যে ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।
জাম্পোল্লির যুক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো একটি দলকে বিশ্বকাপের বাইরে রাখা ফুটবলের জন্যই ক্ষতিকর। বিশেষ করে প্লে-অফে বাদ পড়ার পর তাদের জায়গা করে দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি দাবি করেছেন, ইরানের জায়গায় ইতালিকে নেওয়ার বিষয়টি তিনি সরাসরি ট্রাম্প ও ইনফান্তিনোকে জানিয়েছেন।
এই প্রস্তাব ঘিরে শুধু ক্রীড়াঙ্গনেই নয়, কূটনৈতিক অঙ্গনেও তীব্র আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি এখন আর শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নেই এটি আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণের সঙ্গেও জড়িয়ে গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রস্তাবটি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।
ফুটবলবিশ্বে এই প্রস্তাবকে কেউ কেউ অযৌক্তিক বলে সমালোচনা করছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক চাপ প্রয়োগেরই একটি কৌশল। তবে বিতর্ক যতই বাড়ুক, ফিফা এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

