প্রধান খবর

চিকিৎসার বাইরে দেশের ৯০ শতাংশ মানসিক রোগী

দেশে মানসিক স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা ও বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতির কারণে মানসিক রোগে আক্রান্ত প্রায় ৯০ শতাংশ মানুষ চিকিৎসার আওতার বাইরে রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

রোববার (৭ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির নাগরিক অধিকার ও কাঠামোগত সংস্কার’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় তিনি এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

সভায় জানানো হয়, দেশে প্রায় ১৭ কোটি মানুষের জন্য মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন মাত্র ৩০৫ জন এবং সাইকোলজিস্টের সংখ্যা প্রায় ৫০০। এই সীমিত জনবল দিয়ে বিপুল সংখ্যক মানসিক রোগীর সেবা নিশ্চিত করা অত্যন্ত কঠিন। পাশাপাশি পুরোনো শিক্ষাক্রম ও স্বাস্থ্যব্যবস্থার কাঠামোগত দুর্বলতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আলোচনায় মেডিকেল ও নার্সিং শিক্ষাক্রম আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে সাধারণ চিকিৎসকেরাও প্রাথমিক পর্যায়ে মানসিক রোগ শনাক্ত করতে সক্ষম হন। বিশেষজ্ঞরা মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান।

প্রধান অতিথি ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোরও সংস্কার প্রয়োজন। তিনি শিশুদের জন্য বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ নিশ্চিত করা এবং নৈতিক শিক্ষার গুরুত্ব বৃদ্ধির বিষয়েও মত দেন।

সভায় অংশ নেওয়া মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশের বর্তমান সংকট, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা এবং টেকসই সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *