পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতাকর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কুসিকের ৮৩২ জন কর্মীর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, ঈদ উপহার হিসেবে কুসিকের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের হাতে এই ঈদ উপহারের অর্থ তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় তিনি নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত সম্মুখসারির এই কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে দিনরাত পরিশ্রম করা এই সাধারণ কর্মীদের মুখে হাসি ফোটাতে এই বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট।” ঈদুল আজহার চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরও বলেন, “কুরবানির বর্জ্য দ্রুত অপসারণ করে নগরবাসীকে একটি দুর্গন্ধমুক্ত পরিবেশ উপহার দিতে কুসিক সম্পূর্ণ প্রস্তুত। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও, আমরা আধুনিক কর্মপরিকল্পনার মাধ্যমে মাত্র ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরের বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।”
প্রশাসক একটি পরিচ্ছন্ন নগরী গড়ার ক্ষেত্রে নগরবাসীর সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, শুধু সিটি কর্পোরেশনের কর্মীদের একার পক্ষে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়। নির্ধারিত স্থানে কুরবানির বর্জ্য রেখে এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের সহযোগিতা করে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধানমন্ত্রীর এই বিশেষ ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে। আবুল হাসান নামের এক প্রবীণ পরিচ্ছন্নতাকর্মী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “অতীতে আমরা উৎসবগুলোতে এমন বিশেষ ঈদ উপহার কখনো পাইনি। বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহা উভয় উৎসবেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সম্মানজনক উপহার পাচ্ছি। এটি আমাদের কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ অনেক বাড়িয়ে দিয়েছে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন চিশতীসহ কুসিকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

