বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এডিবি সভাপতি মাসাতো কান্দা এ সহায়তা পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
এডিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় এ অর্থায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে, যা দেশের বিনিয়োগ-নির্ভর প্রবৃদ্ধি ও আঞ্চলিক বৈষম্য হ্রাসে ভূমিকা রাখবে।
এছাড়া ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তিও সই হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
এডিবি সভাপতি মাসাতো কান্দা বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে। টেকসই প্রবৃদ্ধি ও বহুমুখী অর্থনীতি গঠনে এডিবি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

