প্রধান খবর

কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন: ডানপন্থী প্রার্থী দে লা এসপ্রিয়েলার দুই কর্মীকে গুলি করে হত্যা

কলম্বিয়ায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়তেই ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলার দুই নির্বাচনী প্রচারকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেটা প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। শনিবার দে লা এসপ্রিয়েলার রাজনৈতিক দল ‘ডিফেন্ডার্স অব দ্য হোমল্যান্ড’ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। দলীয় সূত্র জানায়, নিহতরা হলেন কুবারাল এলাকার সাবেক মেয়র রজার্স মাউরিসিও ডেভিয়া এবং ফ্যাবিয়ান কার্ডোনা। তারা ভিলাভিসেনসিও শহর থেকে প্রচারণার সামগ্রী নিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন।

ফেরার পথে কুবারালের একটি গ্রামীণ সড়কে চারজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ডেভিয়া স্থানীয়ভাবে দে লা এসপ্রিয়েলার প্রচারণার প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন, আর কার্ডোনা লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পর এক ভিডিও বার্তায় গভীর শোক প্রকাশ করে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেন, তার সহকর্মীদের “কাপুরুষোচিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।” তিনি দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। যদিও এখন পর্যন্ত কলম্বিয়ার প্রশাসন কোনো সশস্ত্র গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি, তবে দে লা এসপ্রিয়েলা প্রমাণ ছাড়াই সাবেক বামপন্থী গেরিলা সংগঠন ফার্কের একটি ভিন্নমতাবলম্বী অংশকে দায়ী করেছেন। উল্লেখ্য, ফার্ক অতীতে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তাদের কার্যক্রম দেশটিতে দীর্ঘদিন অস্থিতিশীলতা তৈরি করেছে।

আগামী ৩১ মে কলম্বিয়ায় প্রথম দফার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক জনমত জরিপে বামপন্থী প্রার্থী ইভান সেপেদার পরেই অবস্থান করছেন দে লা এসপ্রিয়েলা। নির্বাচনী প্রচারণায় তিনি অপরাধী চক্র, মাদক পাচারকারী ও গেরিলা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় রয়েছেন। তবে সহিংসতার এই ঘটনা নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে পর্যবেক্ষকদের মত।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *