দেশে ডিজিটাল প্রযুক্তির বিস্তার বাড়াতে স্বল্পমূল্যে স্মার্টফোন সরবরাহ এবং সহজ কিস্তি সুবিধা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে সাধারণ মানুষের নাগালের স্মার্টফোন বাজারে আনার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
রাজধানীর একটি গোলটেবিল বৈঠকে তিনি বলেন, দেশে এখনো স্মার্টফোন ব্যবহারকারীর হার ৫০ শতাংশের নিচে রয়েছে। অথচ ৪জি ও ৫জি প্রযুক্তির সম্প্রসারণ ঘটলেও সাধারণ মানুষের হাতে উপযুক্ত ডিভাইস না পৌঁছালে প্রযুক্তির পূর্ণ সুবিধা নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য বর্তমান বাজারমূল্যের স্মার্টফোন ক্রয় করা কঠিন হয়ে পড়েছে।
উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক বাজারে যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি পেলেও সরকার কম খরচে স্মার্টফোন উৎপাদনের উপায় খুঁজছে। পাশাপাশি গ্রাহকদের জন্য সহজ মাসিক কিস্তি সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় স্বল্প ডাউন পেমেন্টের মাধ্যমে সাধারণ মানুষ স্মার্টফোন ব্যবহার শুরু করতে পারবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে বাকি অর্থ পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা বৃদ্ধি এবং দেশজুড়ে উচ্চগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণেও সরকার একযোগে কাজ করছে।

