ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চালু থাকা সরকারি ভাতা আগামী জুন মাস থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ধর্মভিত্তিক আর্থিক সহায়তা বন্ধের পাশাপাশি বিদ্যমান অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকাও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে পৃথক সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
রাজ্য মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পাল জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় ধর্মভিত্তিক যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলো চলতি মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর জুন থেকে এসব সুবিধা বন্ধ হয়ে যাবে।
পশ্চিমবঙ্গ সরকার বলছে, জনকল্যাণমূলক প্রকল্প ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত নয়। এ সিদ্ধান্তকে রাজ্যের নীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সরকার ২০১২ সালে প্রথম ইমামদের জন্য মাসিক ভাতা চালু করে। পরে মুয়াজ্জিন ও ২০২০ সালে হিন্দু পুরোহিতদের জন্যও একই ধরনের আর্থিক সহায়তা কার্যক্রম চালু করা হয়।

