আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাট পরিচালনার অনুমতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা প্রশাসনিক হয়রানি, চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে ধরেন।
সংগঠনের নেতারা জানান, জুলাই অভ্যুত্থানে আহত ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে একটি পশুর হাট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে জেলা পরিষদ প্রশাসকের কাছে আবেদন করলে তিনি বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেন। তবে জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা সাক্ষাৎ পাননি বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও তারা অসহযোগিতার শিকার হন। একই সঙ্গে কয়েকজন ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করে এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে হাটের সরঞ্জাম, ব্যানার ও মালামাল ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায় বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারাই এখন হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, আহত যোদ্ধাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করে পশুর হাট পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানান।

