চট্টগ্রামের বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর করা তিনটি আবেদনই নামঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক সময়ের আবেদন, জামিন আবেদন এবং চিকিৎসা সংক্রান্ত আবেদন খারিজের আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার প্রথম সাক্ষী নিহত আইনজীবী আলিফের পিতার সাক্ষ্য ও জেরা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করা হয়েছে। শুনানিকালে চিন্ময় কৃষ্ণ দাস কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে যুক্ত ছিলেন এবং অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবী অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করলেও শুনানির সময় আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আপত্তি জানিয়ে বলে, বারবার অসুস্থতার অজুহাতে সময় চাওয়া আদালতের প্রচলিত প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন।
এদিকে জামিন ও চিকিৎসার আবেদনও আইনজীবীর অনুপস্থিতির কারণে শুনানি ছাড়াই খারিজ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মামলায় প্রায় ৫০ জন সাক্ষীর তালিকা আদালতে জমা দেওয়া হয়েছে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের নির্ধারিত সময়ের মধ্যেই বিচার কার্যক্রম শেষ হওয়ার আশা করা হচ্ছে।
মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, বিজিবি ও বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা আদালত ভবনের বিভিন্ন অংশে নিরাপত্তা বলয় তৈরি করেন। এসময় আদালত এলাকায় সাধারণ মানুষের ভিড় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও লক্ষ্য করা যায়।

