আনিসুল হক-এর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী এ আদেশ দেন।
মামলাটির শুনানির জন্য আনিসুল হককে আদালতে হাজির করা হয়। এসময় তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন সময় আবেদন করে জানান, আওয়ামী সরকারের পতনের পর তার বাসভবনে লুটপাটের ঘটনা ঘটে এবং লাইসেন্সকৃত অস্ত্রটিও সে সময় হারিয়ে যায়। অস্ত্রসংক্রান্ত প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য আরও সময় প্রয়োজন বলেও আদালতকে জানান তিনি।
রাষ্ট্রপক্ষ সময় আবেদনের বিরোধিতা করলেও আদালত উভয়পক্ষের শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। ফলে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২১ জুন ধার্য করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তল নির্ধারিত সময়ের মধ্যে থানায় জমা না দেওয়ায় আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। তদন্ত শেষে সম্প্রতি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

