পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল নোটের বিস্তার রোধে ১০ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করতে হবে। এসব বুথে অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে বিনামূল্যে নোট যাচাই ও অর্থ গণনার সুবিধা দেওয়া হবে। ঈদের আগ পর্যন্ত হাটে বিরতিহীনভাবে এ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ব্যাংকগুলোকে জাল নোট শনাক্তকরণ মেশিন ব্যবহার, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়, হাটে ব্যানার প্রদর্শন এবং ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ভিডিও প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও জাল নোট শনাক্ত হলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ঈদ শেষে ৩০ কর্মদিবসের মধ্যে ব্যাংকগুলোকে এ কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, জাল নোট প্রতিরোধে সমন্বিত উদ্যোগ বাজার ব্যবস্থাপনা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

