বাড়ন্ত শিশুর পুষ্টি নিশ্চিত করতে ফলমূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল থেকে শিশু প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও আঁশ পেয়ে থাকে। সাধারণত ছয় মাস বয়সের পর সম্পূরক খাবার শুরু করার পরামর্শ দেওয়া হয়। তবে সব ফল সমানভাবে নিরাপদ নয় বিশেষ করে বীজযুক্ত ফল খাওয়ানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অপরিহার্য।
শিশুকে বীজযুক্ত ফল খাওয়ানোর সময় কী ধরনের ঝুঁকি থাকতে পারে, কোন বয়সে কীভাবে ফল দেওয়া নিরাপদ এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা জানুন এখানে।
কেন বীজযুক্ত ফলে ঝুঁকি বেশি?
বরই, লিচু বা জামের মতো বড় বীজযুক্ত ফল ছাড়াও আপেল, আঙুর, কমলা কিংবা ডালিমের মতো ফলেও ছোট বীজ থাকে। এসব বীজ অসাবধানতায় শিশুর শ্বাসনালিতে আটকে যেতে পারে। শিশুদের গিলন-প্রক্রিয়া পুরোপুরি পরিপক্ব না হওয়ায় শক্ত বা ছোট বস্তু সহজেই গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে। ফল সাধারণত পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যায়।
কোন বয়সে কীভাবে ফল দেবেন?
- ৬ মাসের পর: বীজ ও খোসা সম্পূর্ণ ফেলে দিয়ে ফলের নরম অংশ মিহি করে খাওয়াতে হবে। আপেলের মতো শক্ত ফল সেদ্ধ করে নরম করে নেওয়া উত্তম।
- ১–২ বছর: শিশু চিবিয়ে খেতে শিখলে নরম ফল ছোট টুকরো করে দেওয়া যেতে পারে। তবুও বীজ ও শক্ত অংশ এড়িয়ে চলতে হবে।
- ২ বছরের পর: ফল হাতে দেওয়া যায়, তবে সব বীজ সরিয়ে নিশ্চিত করতে হবে।
- ৫ বছর বয়সের পর: কিছু ক্ষেত্রে বীজসহ ফল দেওয়া গেলেও বড় বীজযুক্ত ফল পুরোটা মুখে না দেওয়াই নিরাপদ।
জরুরি প্রস্তুতি কেন প্রয়োজন?
শিশু যখন খাবার খায়, তখন অবশ্যই একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক পাশে থাকা উচিত। শ্বাসরোধের লক্ষণ হঠাৎ কাশি, শ্বাস নিতে কষ্ট, কথা বলতে না পারা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জীবনরক্ষাকারী সিপিআর (CPR) প্রশিক্ষণ থাকলে জরুরি মুহূর্তে তা কার্যকর ভূমিকা রাখতে পারে।
শিশুর নিরাপত্তা ও সঠিক পুষ্টি নিশ্চিত করতে ফল খাওয়ানোর সময় সচেতনতা ও সতর্কতার বিকল্প নেই।

