প্রধান খবর

হামে মৃত্যুর মিছিল, মৃত্যু ছাড়াল ৪০০ উদ্বেগে স্বাস্থ্যখাত

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে চারজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর সাতজন মারা গেছে উপসর্গ নিয়ে। ফলে গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৩৪৪ জন। একই সঙ্গে নতুন করে শতাধিক শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে এসেছে দেড় হাজারের বেশি মানুষ, যাদের অধিকাংশকেই ভর্তি করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইউনিসেফের তথ্যে দেখা গেছে, শহরাঞ্চলের ৩০ থেকে ৪০ শতাংশ এবং গ্রামাঞ্চলের প্রায় ১৫ শতাংশ শিশু এখনও টিকার বাইরে রয়েছে। এ অবস্থায় দেশজুড়ে টিকাদান কর্মসূচি চালু থাকলেও সচেতনতা ও তদারকি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রংপুর বিভাগেও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বর্তমানে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়েছে এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যাও কয়েক হাজারে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *