নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিত্তরঞ্জন এলাকা ও এসিআই পানির কল সংলগ্ন এলাকাসহ একাধিক স্থানে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুজন, চুরির মামলায় দুজন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

