প্রধান খবর

সামগ্রিকভাবে বাজেট ‘প্রতারণার শামিল’ : এনসিপি

শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে কিছু ইতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘প্রতারণার শামিল’ বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ড. আতিক মুজাহিদ বলেন, বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং এতে সাধারণ মানুষের হতাশা আরও গভীর হয়েছে। তার ভাষায়, কিছু খাতে ভালো উদ্যোগ থাকলেও সামগ্রিক বিশ্লেষণে বাজেটটি প্রতারণামূলক মনে হয়। তিনি দাবি করেন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে কিছু প্রস্তাব থাকলেও সেগুলো বাস্তবায়নের স্পষ্টতা নেই এবং জনগণের প্রকৃত চাহিদা পূরণে বাজেট ব্যর্থ।

এনসিপি নেতারা বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট ও সামাজিক বৈষম্যের প্রেক্ষাপটে বাজেটটি আরও বাস্তবসম্মত ও জনমুখী হওয়া প্রয়োজন ছিল। তারা মনে করেন, বাজেটের কাঠামো ও অগ্রাধিকার নির্ধারণে জনগণের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *