প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়তে চলেছেন। ওয়াল স্ট্রিটে শুক্রবার স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক ঘটলে তিনি আনুষ্ঠানিকভাবে ১ ট্রিলিয়ন ডলারের মালিক হিসেবে স্বীকৃতি পাবেন এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে লেনদেন শেষ হওয়ার আগেই মাস্ক মানব ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নতুন রেকর্ড গড়বেন।
এই পরিমাণ সম্পদ মানুষের কল্পনারও বাইরে। যুক্তরাজ্যের দাতব্য সংস্থা অক্সফাম হিসাব করে বলছে, মাস্ক প্রতিদিন ১০ লাখ ডলার করে খরচ করলেও তার সম্পদ শেষ হতে প্রায় দুই হাজার ৭৪০ বছর লাগবে। তুলনায় গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদ মাস্কের সম্ভাব্য সম্পদের এক-তৃতীয়াংশেরও কম। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, ল্যারি পেজ বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় ৩০৪ বিলিয়ন ডলার। স্পেসএক্সের আইপিও ঘোষণার আগেই মাস্কের সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬৯৬ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থানে রেখেছে। রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্সে তার মালিকানা ৪২ শতাংশ। কোম্পানিটি শেয়ারবাজারে ১.৭৭ ট্রিলিয়ন ডলারের মূলধন নিয়ে লেনদেন শুরু করবে এবং প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে ৫৫৫.৬ মিলিয়ন শেয়ার বিক্রি করছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোটিপতি ছিলেন জন জ্যাকব অ্যাস্টর, যিনি ১৮৪৮ সালে মৃত্যুর সময় ২ থেকে ৩ কোটি ডলারের মালিক ছিলেন যা তখনকার জিডিপির প্রায় এক শতাংশ। মাস্ক ট্রিলিয়নিয়ার হলে তার সম্পদ যুক্তরাষ্ট্রের বর্তমান জিডিপির প্রায় ৩ শতাংশের সমান হবে, যা আধুনিক অর্থনীতিতে নজিরবিহীন।

