প্রধান খবর

আর্জেন্টিনা শিবিরে চোটের দুশ্চিন্তা বাড়াচ্ছেন দুই নিকোলাস

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কিন্তু বিশ্বমঞ্চে নামার আগেই দলে দেখা দিয়েছে বড় ধরনের উদ্বেগ। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন, যা কোচ লিওনেল স্ক্যালোনির চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো এখনও চোটজনিত সমস্যায় পুরোপুরি সেরে উঠতে পারেননি। অন্যদিকে, নিকোলাস গঞ্জালেস পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। ফলে বুধবার দলের মূল অনুশীলনে অংশ না নিয়ে আলাদা সেশন করেছেন দুজনই।

চোটের ধাক্কা থাকলেও আপাতত কেউই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে নেই। তবে তালিয়াফিকোর ক্ষেত্রে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে আর্জেন্টাইন স্কোয়াডে ইতোমধ্যে পরিবর্তন এনেছেন লিওনেল স্ক্যালোনি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির জায়গায় দলে ডাক পেয়েছেন মার্কোস সেনেসি। এই পরিবর্তন স্কোয়াডের ভারসাম্য বজায় রাখলেও তালিয়াফিকো–গঞ্জালেসের চোট নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *