বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেল মরক্কো। ইনজুরির কারণে স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দলটি। উইঙ্গার আবদে এজালজুলি ও ডিফেন্ডার নায়েফ অগার্ড দুজনই টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন।
রিয়াল বেটিসের ফরোয়ার্ড এজালজুলি গত সপ্তাহে নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন। ফিফার আপডেট তালিকা অনুযায়ী তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অ্যাঙ্গার্সের আমিনে সাবাই।
অন্যদিকে মার্সেইর সেন্টার-ব্যাক অগার্ড মার্চের পর থেকে মাঠে নামতে পারেননি ঊরুর অস্ত্রোপচারের কারণে। ঝুঁকি না নিয়ে মরক্কো টিম ম্যানেজমেন্ট তার পরিবর্তে দলে নিয়েছে মারওয়ানে সাদানে।
মরক্কো টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও অধিনায়ক আশরাফ হাকিমি ইনজুরিতে ছিটকে যাওয়া দুই সতীর্থের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন:
“ফুটবল অনেক সময় নিষ্ঠুর হতে পারে। প্রথম দিন থেকে তোমরা দলকে যা দিয়েছো তার জন্য ধন্যবাদ। আমরা তোমাদের জন্য লড়াই করবো। আমরা তোমাদের ভালোবাসি।”
আগামীকাল শনিবার দিবাগত রাতে গ্রুপ-সি’র প্রথম ম্যাচে নিউ জার্সিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো।

