ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গায় রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে নিহত হয়েছেন ১৫ জন নিহতরা সবাই ঈদুল আজহা উপলক্ষে ওই ট্রাকে চেপে উত্তরবঙ্গের নিজ নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
আজ সোমবার (২৫ মে) ভোর আনুমানিক ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে এই ভয়াবহ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোররাতে রড এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ট্রাক ঢাকার দিক থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকের চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। উল্টে যাওয়ার সাথে সাথেই ট্রাকে থাকা যাত্রীরা ভারী ও তীক্ষ্ণ রডের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন এবং রডের নিচে নির্মমভাবে চাপা পড়ে থাকা অবস্থায় ১৫ জনের মরদেহ উদ্ধার করেন। ভারী রডের নিচে চাপা পড়ায় ঘটনাস্থালেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয় বলে উদ্ধারকারীরা জানান।
এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) পাঠিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি এবং রডগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

