জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। রোববারের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জেরে স্পিকার এই মন্তব্য করেন।
ফ্লোর নিয়ে রুমিন ফারহানা মন্ত্রীকে স্মরণ করিয়ে দেন তার আগের প্রতিশ্রুতির কথা। তিনি বলেন, মন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি। তিনি সুনির্দিষ্টভাবে জানতে চান, কবে নাগাদ গ্যাস সরবরাহ পাওয়া যাবে।
জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ দেশের গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তার ভাষায়, “তিনি বিদ্যুৎও চান, আবার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চান। কিন্তু গ্যাসের সীমাবদ্ধতা আছে। বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালু রাখতে গিয়ে সেখানে সংযোগ দেওয়া যাচ্ছে না।”
মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে কোনো ড্রিলিং হয়নি। বর্তমান সরকার এসে ড্রিলিং শুরু করেছে এবং আশা করা হচ্ছে নতুন গ্যাস পাওয়া যাবে। গ্যাস মজুত বাড়লে আশুগঞ্জ সার কারখানার মতো স্থাপনাগুলোতে সংযোগ দেওয়া সম্ভব হবে।
মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে স্মরণ করিয়ে দেন আগের প্রতিশ্রুতির কথা। তিনি বলেন, “মন্ত্রী, আপনি সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধ হয় পাওয়া যায়নি।” স্পিকারের এই মন্তব্য সংসদে মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

