ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশের পর লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে পূর্ব লেবাননের বেকা উপত্যকাসহ একাধিক অঞ্চলে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে এ হামলা পরিচালনা করা হয়েছে। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান অভিযানে সেনাবাহিনীকে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতে লেবানন ও ইসরায়েলের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি সম্প্রসারণে সমঝোতা হলেও সীমান্ত এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত ছিল। নতুন এই হামলার ফলে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, অভিযানে এখন পর্যন্ত হিজবুল্লাহর শত শত যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতে দেশটিতে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে।
এদিকে ইরান আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল শুরু থেকেই হিজবুল্লাহবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছে।

