প্রধান খবর

মোজতবা খামেনি জীবিত ও আরও সক্রিয়, তথ্য দিলেন মার্কো রুবিও

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন এবং আগের তুলনায় আরও বেশি সক্রিয় হচ্ছেন। এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল মার্কিন কংগ্রেসের সিনেটের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটিতে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, “তিনি জীবিত আছেন এবং আমরা এমন ইঙ্গিত পেয়েছি যে দিন দিন তিনি আরও বেশি সক্রিয় হচ্ছেন।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করে। সংঘাতের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী এবং মোজতবা খামেনির স্ত্রী-সন্তান। সেই প্রেক্ষাপটে মোজতবা খামেনির বর্তমান অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করেছিল মূলত ইরানের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে। তবে সেই চুক্তি এখনও হয়নি। বরং পাল্টাপাল্টি হামলার কারণে যুদ্ধবিরতি এখন ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। দুই দেশের আলোচনাও কার্যত স্থবির।

তবুও রুবিও দাবি করেছেন, আলোচনা এখনো চলছে এবং চুক্তি খুব শিগগিরই হতে পারে। তিনি বলেন, “আমাদের সামনে একটি সম্ভাবনা রয়েছে আজও হতে পারে, কালও হতে পারে কিংবা আগামী সপ্তাহেও হতে পারে। ইরানকে শুধু স্পষ্টভাবে বলতে হবে যে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে, কোনো বিদেশি জাহাজে হামলা করবে না এবং তাদের কাছ থেকে টোল নেবে না। এরপর সেই প্রণালি থেকে মাইন সরাতে আমরা তাদের সহযোগিতা করব।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *