ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং ‘মাথা উঁচু করে’ ফিরবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, অতীতেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তবে আওয়ামী লীগকে দমন করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, জনগণের সমর্থন নিয়েই দল আবারও সংগঠিত হয়ে ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরও দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। তার ভাষ্য, বর্তমানে দেশের ভেতরেও দলের বিপুলসংখ্যক নেতাকর্মী সক্রিয় রয়েছেন।
বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, অনেকেই জীবন রক্ষার্থে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি অভিযোগ করেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা, হামলা ও মামলার ঘটনা ঘটেছে এবং বিদেশে থাকা নেতারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছেন।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘ভারতপন্থি’ হওয়ার অভিযোগ তোলা হলেও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির প্রমাণ কেউ দেখাতে পারেনি। গঙ্গা পানি চুক্তি, সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি ও স্থলসীমান্ত চুক্তির মতো বিষয় উল্লেখ করে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।

