শেষ পর্যন্ত নেইমারকে ঘিরে সব জল্পনার ইতি ঘটল। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শেষ মুহূর্তে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রেখেছেন। ফলে সান্তোস-তরকা আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন। আর তাতেই পেলের এক ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসানোর সুযোগ তৈরি হলো তার সামনে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে একমাত্র খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন।
২০২৩ সালের পর থেকে নেইমার আর ব্রাজিলের জার্সি পরেননি। এই সময়ে জাতীয় দলের ১০ নম্বর জার্সি সামলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সেই জার্সিতেই খেলেছিলেন। তবে নেইমারের দলে ফেরায় ধরে নেওয়া হচ্ছে, আবারও তার হাতেই ফিরছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর।
নেইমার প্রথমবার জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেন ২০১৪ বিশ্বকাপে। এরপর ২০১৮ ও ২০২২ সালেও একই নম্বরের জার্সি পরে বিশ্বমঞ্চে খেলেছেন তিনি। তিন বিশ্বকাপে ১৩ ম্যাচে তার গোল ৮টি, অ্যাসিস্ট ৩টি। এবারও আশা করা হচ্ছে, পেলের রেখে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে পারবেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

