চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ভুল সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, নির্ধারিত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ব্যবহার করা হয়।
বুধবার এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি সামনে আসে। অভিযোগে বলা হয়, বাংলা প্রথম পত্র পরীক্ষায় নির্ধারিত সিলেবাসের পরিবর্তে পুরোনো সিলেবাসের প্রশ্ন দেওয়া হয় এবং বিষয়টি জানানো সত্ত্বেও পরীক্ষার্থীদের ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করা হয়।
একাধিক পরীক্ষার্থী একই ধরনের অভিযোগ করেছেন। তারা জানান, পরীক্ষার পর বিষয়টি নিয়ে কথা বলতে গেলে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয়েছে।
কেন্দ্র সচিব জানান, একটি কক্ষে ভুলবশত পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র বিশেষ ব্যবস্থায় মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিষয়টি সমাধানে শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

