বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় উদ্যোক্তা ও ধনকুবের রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার প্রতিষ্ঠান এয়ারট্রাংক ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড কম্পিউটিং খাতে দ্রুত বাড়তে থাকা চাহিদাকে কেন্দ্র করে এই বৃহৎ বিনিয়োগ বাস্তবায়ন করা হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এয়ারট্রাংক জানায়, দেশজুড়ে প্রায় ৫ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। এই বিনিয়োগ ভারতের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগটি বাস্তবায়িত হবে মহারাষ্ট্রে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, প্রায় ২ ট্রিলিয়ন রুপি বিনিয়োগে ৩ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ ডেটা সেন্টার হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে মুম্বাইয়ের উপকণ্ঠ রায়গড়ে জমি অধিগ্রহণের প্রাথমিক চুক্তিও সম্পন্ন হয়েছে।
ফোর্বস এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, ভারতের বিশাল জনসংখ্যা, দ্রুত ডিজিটাল রূপান্তর এবং এআই প্রযুক্তির প্রসার দেশটিকে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বাজারে পরিণত করেছে। বর্তমানে এয়ারট্রাংক এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একাধিক দেশে ডেটা সেন্টার পরিচালনা করছে এবং সম্প্রতি ভারতের একটি ডেটা সেন্টার ডেভেলপার প্রতিষ্ঠানও অধিগ্রহণ করেছে।

