সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্যের অভিযোগে মো. আমিনুর শাহ (৩৮) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আমিনুর শাহ ওই এলাকার মো. চান মিয়া বয়াতীর ছেলে এবং অনুসারীদের কাছে তিনি ‘দরদী শাহ’ হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত সোমবার আমিনুর শাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ধর্মীয় ইস্যু নিয়ে একটি বিতর্কিত ও আপত্তিকর স্ট্যাটাস প্রদান করেন। এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোমবার রাতেই উত্তেজিত জনতা আমিনুর শাহের বাড়ি ঘেরাও করে।
গণরোষের মুখে আমিনুর শাহ তখন জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেন এবং স্থানীয় এক মাওলানার কাছে তওবা করেন। ওই ক্ষমা চাওয়ার মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পরবর্তীকালে আবারও মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সম্ভাব্য দাঙ্গা রোধে মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আমিনুর শাহকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এই ঘটনায় শোল্লা ইউনিয়নের গ্রামপুলিশ মো. আলাউদ্দিন বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শামীম হোসেন জানান, “অভিযুক্ত আমিনুর শাহকে ডিজিটাল মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তিনি আরও জানান যে, বুধবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নবাবগঞ্জ থানা প্রশাসন থেকে সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজব ছড়িয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করা হয়েছে।

