পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থা।
সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, ‘সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড’ (SNGPL) পরিচালিত একটি মূল সঞ্চালন লাইনে গ্যাস লিকেজ থেকে এই ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী একটি জনবহুল বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি দ্রুত পুড়ে ছাই হয়ে যায় এবং বাসিন্দারা ভেতরে আটকা পড়েন।
হরিপুরের ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদ জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে তিনজন শিশু, দুইজন কিশোরী, দুইজন বৃদ্ধা নারী এবং একজন পুরুষ রয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। এছাড়া এই ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর নেতৃত্বে অ্যাবোটাবাদ, মানসেহরা, সোয়াবি, মারদান এবং ট্যাক্সিলা থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ ও আগুনের ভেতর থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
দমকল বাহিনীর সদস্যরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে মূল গ্যাস পাইপলাইনের ভালভ দ্রুত বন্ধ করা হলেও লাইনে থাকা অবশিষ্ট গ্যাস ও উচ্চচাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) শফিউল্লাহ গুন্ড এবং সহকারী কমিশনার ফাসিহ ইশাক আব্বাসি। গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

