রেকর্ডভাঙা তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপের চার দেশ ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই তাপদাহে তাপমাত্রা অনেক জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও ফ্রান্স জানিয়েছে, শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। রাজধানী প্যারিসে গত চার দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে, আর কিছু শহর-গ্রামে তা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠেছে।
পর্তুগালে গত চার দিন ধরে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। দেশটির ছয়টি জেলায় ইতোমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্পেনেও পরিস্থিতি ভিন্ন নয় বিশেষ করে উত্তর উপকূলবর্তী অঞ্চলগুলোতে টানা কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দেশটির আবহাওয়া দপ্তর এইমেট জানিয়েছে, এটি ‘অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা’ এবং সপ্তাহজুড়ে তাপ কমার সম্ভাবনা নেই।
যুক্তরাজ্যেও তাপপ্রবাহ শুরু হয়েছে। গত চার দিন ধরে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত উঠেছে, যা মে মাসের জন্য একেবারেই অস্বাভাবিক।
পশ্চিম ইউরোপ সাধারণত শীতল আবহাওয়ার জন্য পরিচিত, বিশেষ করে মে মাসে তাপমাত্রা সচরাচর ২০ ডিগ্রির ওপরে ওঠে না। এর আগে ১৯২২ সালের মে মাসে এই চার দেশে গড় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল যা এতদিন পর্যন্ত মে মাসের সর্বোচ্চ রেকর্ড হিসেবে গণ্য হতো। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে।

