দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য তার নামে ছড়ানো অপপ্রচার ও ভুয়া তথ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন। ২০১৭ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে তার বিয়ে এবং ২০২১ সালে বিচ্ছেদের পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ইন্টারনেটে নানা ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে নাগা চৈতন্যের বিরুদ্ধে প্রতারণা ও সামান্থার ক্যারিয়ার ধ্বংসের মতো গুরুতর অভিযোগ তুলে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করা হচ্ছিল। এসব অপপ্রচারের জেরেই তিনি আদালতের শরণাপন্ন হন।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, অনুমতি ছাড়া তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে অপপ্রচার চালানো বন্ধে আইনি সুরক্ষা চেয়েছেন অভিনেতা। গত ২৯ মে দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিংয়ের আদালতে মামলার শুনানি হয়। শুনানিতে অভিনেতার আইনজীবী বৈভব গগ্গড় জানান, অনলাইন কনটেন্টে মিথ্যাভাবে দাবি করা হচ্ছে যে নাগা চৈতন্য তার সাবেক স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন এবং তার ক্যারিয়ার নষ্ট করেছেন। এটি কোনোভাবেই গঠনমূলক সমালোচনা নয়, বরং স্পষ্টতই ট্রোলিং ও মানহানিকর।
আইনজীবী আরও জানান, অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেতার বিকৃত ও আপত্তিকর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভারতসহ বিশ্বজুড়ে তেলেগু ভাষাভাষী দর্শকদের কাছে তার যে ভাবমূর্তি রয়েছে, এসব কনটেন্ট তার ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের ওপর বড় আঘাত।

