বলিউড তথা বিশ্ব বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ফের একবার মাতৃত্ব ও পিতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিং-এর জন্মের দেড় বছরের মাথায় দ্বিতীয় সন্তানের আগমনের কথা জানালেন এই তারকা দম্পতি। রোববার (১৯ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে ভক্তদের এই খুশির খবরটি জানান তারা।
দীপিকা ও রণবীরের শেয়ার করা ছবিতে দেখা যায়, তাদের প্রথম কন্যা সন্তান ‘দুয়া’ একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে আছে। ছবির এই বিশেষ ভঙ্গিটিই বলে দিচ্ছে যে, দুয়া এবার বড় বোনের দায়িত্ব পালন করতে প্রস্তুত। পোস্টটিতে তারা কোনো দীর্ঘ ক্যাপশন না দিয়ে কেবল ‘নজর’ (🧿) ইমোজি ব্যবহার করেছেন।
দ্বিতীয়বার মা হওয়ার এই খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যায় ভাসছেন এই তারকা দম্পতি। বলিউড সহকর্মী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, কিয়ারা আদভানি, সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে পরিণীতি চোপড়া—সবাই এই দম্পতিকে শুভকামনা জানিয়েছেন। ভক্তদের মাঝেও উচ্ছ্বাসের সীমা নেই; মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পোস্টটি কয়েক মিলিয়ন লাইক ও হাজার হাজার মন্তব্যে ভরে ওঠে।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তান দুয়ার জন্মের পর দীপিকা অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে মাতৃত্বকালীন সময় উপভোগ করেছিলেন। সম্প্রতি তাকে বিভিন্ন বড় ইভেন্ট এবং পেশাদার কাজে বেশ সক্রিয় দেখা যাচ্ছিল। এর মাঝেই নতুন এই সুসংবাদ তাদের ভক্তদের জন্য এক বড় সারপ্রাইজ হিসেবে এসেছে।
অন্যদিকে, রণবীর সিং বর্তমানে তার পেশাদার ক্যারিয়ারের স্বর্ণসময় পার করছেন। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। ব্যক্তিগত জীবনে দ্বিতীয় সন্তানের আগমনের সংবাদ তার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ঘনিষ্ঠরা।
নতুন অতিথির আগমনে দীপিকা-রণবীরের সুখী পরিবারে এখন খুশির হাওয়া বইছে। দুয়া এবং অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছেন সারা বিশ্বের কোটি ভক্ত।

