প্রধান খবর

ঢাকায় কনসার্টে গান শোনাবেন অনুপম রায়

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আবারও ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক একটি বিশেষ কনসার্টে অংশ নিতে আগামী ২৬ জুন রাজধানীতে আসবেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, ঢাকার দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও এখনো টিকিট বিক্রি শুরু হয়নি। শিগগিরই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে অনুপম রায় অত্যন্ত জনপ্রিয়। এর আগে একাধিকবার ঢাকায় কনসার্ট করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক একটি কনসার্টে অংশ নিয়েছিলেন এই শিল্পী।

২০১০ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ এবং ‘বেঁচে থাকার গান’ পরিবেশনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন অনুপম রায়। এরপর ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়ে বাংলা সংগীতাঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

এছাড়া ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গীতিকারের সম্মাননা অর্জন করেন তিনি। ২০১৫ সালে ‘পিকু’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডেও সফলভাবে যাত্রা শুরু করেন এই গুণী শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *