ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধীনস্থ তিনটি গুরুত্বপূর্ণ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে প্রশাসনিক রদবদল আনা হয়েছে। রোববার (৩ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া লাইনওয়ারে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানায় এবং মো. দুলাল হোসেনকে দারুসসালাম থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দারুসসালাম থানার সাবেক ওসি এস এম জাকারিয়া এবং আদাবর থানার সাবেক ওসি জিয়াউর রহমানকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
এর আগে, এক ভুক্তভোগীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল, যা সাম্প্রতিক এই রদবদলের পটভূমি হিসেবে বিবেচিত হচ্ছে।

