এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা কাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল প্রদান করা হবে।
শনিবার (২ মে) অনুষ্ঠিত মাউশির এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বেসরকারি স্কুলের ১,৭৮২ জন এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় আসছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি ও বেতন কাঠামো উন্নয়নের দাবির প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী, স্কুল পর্যায়ে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলের শিক্ষকরা এই সুবিধা পাচ্ছেন। একইভাবে কলেজ পর্যায়েও বিভিন্ন অঞ্চলের শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এতে অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত শিক্ষকদের আর্থিক প্রণোদনা ও পেশাগত উৎসাহ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

