ঠাকুরগাঁও জেলায় দিন দিন বাড়ছে হাম রোগের সংক্রমণ, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত জেলায় মোট ১০১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল সকাল পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে অন্তত তিনজনের শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো সন্দেহজনক রোগী শনাক্ত না হলেও এ পর্যন্ত ৩২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে যেসব শিশু এখনো টিকা পায়নি, তাদের দ্রুত চিহ্নিত করে টিকার আওতায় আনা হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো টিকাদান ও সচেতনতার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

