ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এর আগে জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে তিনি ফেসবুকে একটি পোস্টে জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে জুমার নামাজ শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়। প্রথমে ডিম ও ইট–পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিত আঘাত করা হয়। তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তাকে লক্ষ্য করেও কিল–ঘুষি মারা হয় বলে দাবি করেন তিনি।
ঘটনার পরপরই বিষয়টি এলাকায় উত্তেজনা সৃষ্টি করে এবং ঢাকায় এনসিপির নেতাকর্মীরা দ্রুত বিক্ষোভে নামেন। দলীয় সূত্র জানিয়েছে, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হবে।

