আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে ভোলা শহরে পৃথক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।
জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তোফায়েল আহমেদ। পরে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কিছু নেতাকর্মীর স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ২টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে দক্ষিণ দিঘলদী কোড়ালিয়া গ্রামে তার মায়ের কবরের পাশে মরদেহ দাফন করা হবে।

