প্রশাসনিক কার্যক্রমে অধিক গতিশীলতা আনা, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে শিগগিরই মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত হতে পারেন বলে আলোচনা চলছে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের সম্ভাবনাও জোরালো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের একজন তরুণ সংসদ সদস্যের নাম নতুন মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। এছাড়া নরসিংদী, নেত্রকোনা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকেও কয়েকজন সংসদ সদস্যের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহের একজন নারী সংসদ সদস্যের নামও আলোচনার কেন্দ্রে রয়েছে।
এছাড়া বৃহত্তর নোয়াখালী, খুলনা, ঢাকা ও বৃহত্তর পাবনা অঞ্চল থেকেও নতুন মুখ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে জানা গেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ থেকে কাউকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তার পদত্যাগের প্রকৃত কারণ নিয়ে সরকার ও প্রশাসনের বিভিন্ন মহলে গুঞ্জন অব্যাহত রয়েছে। একইসঙ্গে তার পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
বর্তমানে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।

