উরুগুয়ের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ডায়ারিও ওভেশন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী লুইস সুয়ারেজ জানিয়েছেন, জাতীয় দলে ফেরার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তার ভাষায়, জাতীয় দলের ডাক কখনোই উপেক্ষা করা যায় না, বিশেষ করে যখন বিশ্বকাপ সামনে আসে। তিনি বলেন, একজন ফুটবলার হিসেবে দেশের হয়ে খেলার ইচ্ছা সবসময়ই থাকে এবং সেই ভাবনাই মাথায় ঘুরতে থাকে।
সুয়ারেজ জানান, অন্য খেলোয়াড়দের সুযোগ করে দিতে তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। তখন তার মনে হয়েছিল, দীর্ঘ সময় স্কোয়াডে থাকার মতো অবস্থায় তিনি নেই। তবে পরিস্থিতি বদলালে এবং দল যদি তাকে প্রয়োজন মনে করে, তাহলে তিনি কখনোই জাতীয় দলকে ‘না’ বলবেন না। ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড স্পষ্ট করে বলেন, যতদিন তিনি খেলছেন এবং সক্রিয় আছেন, ততদিন জাতীয় দলের দরজা তার জন্য খোলা।
তার এই মন্তব্য উরুগুয়ে ফুটবল মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিশ্বকাপের আগে অভিজ্ঞতার গুরুত্ব বিবেচনায় সুয়ারেজকে আবারও দলে দেখা যেতে পারে কি না এ নিয়ে জল্পনা বাড়ছে।

