তুলনামূলকভাবে কঠিন পিচে টুর্নামেন্টের সেরা বোলিং আক্রমণের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী। ৪৭ বলে ৮ চার ও ৭ ছয়ে তার ৯৬ রানের ইনিংস আইপিএলে ব্যাটিং মৌসুমকে আরও উজ্জ্বল করলেও রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলতে পারেনি। গুজরাট টাইটান্স সব ধরনের টি–টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে নকআউট বা প্লেঅফে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়েছে।
ফলে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারের পুনরাবৃত্তি দেখা যাবে। ম্যাচটি আহমেদাবাদে হওয়ায় স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে গুজরাট।
সূর্যবংশীর চলতি আইপিএল মৌসুম শেষ হলো ২৩৭.৩ স্ট্রাইক রেটে ৭৭৬ রান নিয়ে। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯৭ রানের পর আবারও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামলেন তিনি। তার ইনিংসের ওপর ভর করে রাজস্থান তোলে ২১৪ রান। রবীন্দ্র জাদেজার ৪৫ এবং ডোনোভান ফেরেইরার ১১ বলে ৩৮ রানও দলকে ২০০ পার করতে বড় ভূমিকা রাখে।
কিন্তু গুজরাটের ব্যাটিং ছিল আরও ভয়ংকর। শুভমান গিল ও সাই সুদর্শন মিলে মাত্র ১২.৫ ওভারে ১৬৭ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সুদর্শন ৩২ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৮ রান করে থামেন। এরপর গিল খেলেন ম্যাচ জেতানো ইনিংস ৫৩ বলে ১৫ চার ও ৩ ছয়ে ১০৪ রান। ১৮.৪ ওভারে ৩ উইকেটে ২১৯ রান তুলে সাবেক চ্যাম্পিয়নরা সহজেই জয় নিশ্চিত করে।

