প্রধান খবর

চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লিভার–সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। গতকাল শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, চেন্নাইয়ের হাসপাতালে ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার রক্তচাপ বা প্রেশার অনেক নিচে নেমে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

পারিবারিক সূত্র জানায়, কারিনা কায়সার প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে পরীক্ষার পর তার শরীরে মারাত্মক সংক্রমণ বা ইনফেকশন ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-জনিত তীব্র জটিলতার কারণে তার লিভার ফেইলিউর দেখা দেয়। দেশে থাকা অবস্থায়ই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

দেশে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল। চেন্নাইয়ের চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণের চিকিৎসা শুরু করেছিলেন। চিকিৎসকদের পক্ষ থেকে পরবর্তীতে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট বা লিভার প্রতিস্থাপনের চূড়ান্ত প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন।

কারিনা কায়সার মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে একজন প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। ফেসবুক ও ইউটিউবে তার প্রাণবন্ত উপস্থাপনা, সাবলীল বাচনভঙ্গি এবং জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের মাঝে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। তবে কেবল ডিজিটাল কনটেন্ট নির্মাণেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। সাম্প্রতিক সময়ে তিনি নাটক ও ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মের জন্য চিত্রনাট্য লেখা এবং অভিনয়েও নিয়মিত যুক্ত হয়েছিলেন।

অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকার হিসেবে ওটিটি এবং নাটকের জগতে ধীরে ধীরে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করছিলেন কারিনা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া তার অভিনীত ও আলোচিত কাজের মধ্যে অন্যতম হলো জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’। কারিনা কায়সারের এই অকাল ও আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, ভক্ত ও সাধারণ নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে গভীর সমবেদনা প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *