চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে অব্যাহত ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এছাড়া এখনো অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। টানা বৃষ্টিপাতে বিভিন্ন অঞ্চলে বন্যা, ভূমিধস এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, হুনান প্রদেশে পাঁচজন নিহত এবং ১১ জন নিখোঁজ হয়েছেন। সেখানে প্রায় ৬১ হাজার ৫০০ মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে গুয়াংসি অঞ্চলে নদী পার হওয়ার সময় একটি ট্রাক পানিতে পড়ে গেলে ১০ জনের মৃত্যু হয়।
এছাড়া গুইঝৌ প্রদেশে চারজন নিহত ও পাঁচজন নিখোঁজ রয়েছেন। হুবেই প্রদেশেও বন্যা পরিস্থিতিতে তিনজনের মৃত্যু হয়েছে এবং কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষণে বিভিন্ন স্থাপনা ধসে পড়ার ঘটনাও ঘটেছে।
পরিস্থিতি মোকাবিলায় চীনা সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য ১২ কোটি ইউয়ান জরুরি ত্রাণ তহবিল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি গুইঝৌ প্রদেশের জন্য অতিরিক্ত ৩ কোটি ইউয়ান সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি তথ্যমতে, বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার প্রকোপ ও তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

