ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন বিশ্বজুড়ে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়েছেন ক্রিস গেইল। এবার তিনি হাজির এক ভিন্ন ভূমিকায়। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং সুপারস্টার যোগ দিলেন ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) দল গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হিসেবে। ভারতভিত্তিক মুগাফি কোম্পানির সহমালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে এবার একই মালিকানায় যুক্ত হলেন গেইল।
ইটিপিএলের প্রথম আসর মাঠে গড়াবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয়টি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্কটল্যান্ডের গ্লাসগোর পাশাপাশি প্রতিযোগিতায় থাকবে আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।
গ্লাসগো ফ্র্যাঞ্চাইজিতে গেইলের যুক্ত হওয়া নিয়ে ইটিপিএলের সহমালিক অভিষেক বচ্চন বলেন, “এই যাত্রায় মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ইটিপিএল এমন একটি প্ল্যাটফর্ম, যা নতুন প্রতিভা গড়ে তুলতে পারে এবং ইউরোপকে বিশ্ব ক্রিকেটের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম।”
ইউরোপে ক্রিকেটের বিস্তার, নতুন বাজার তৈরির সম্ভাবনা এবং তারকা ক্রিকেটারদের সম্পৃক্ততা, সব মিলিয়ে ইটিপিএলের প্রথম আসরকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

