পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন থমকে আছে টানা পাঁচটি আসর ধরে। প্রতিবারই ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই ফিরতে হয়েছে সেলেসাওদের। তবে ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কাফু মনে করেন, ২০২৬ সালের বিশ্বকাপই হতে পারে তাদের হারানো শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়।
ইয়োকোহামায় ২০০২ সালের ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ জেতান অধিনায়ক কাফু। এর আগে ১৯৯৪ সালে পাসাদেনায় ইতালিকে পেনাল্টিতে হারানো দলেও ছিলেন তিনি। মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি বলেন, “শেষ ট্রফি জেতার ২৪ বছর পর আমি মনে করি ব্রাজিলের জন্য এটা উপযুক্ত মুহূর্ত। আমরা কার্লো আনচেলত্তিকে এনেছি, যার ধারাবাহিক সাফল্যের অভিজ্ঞতা আছে। তিনি জাতীয় দলে শ্রেষ্ঠত্ব যোগ করবেন।”
কাফুর মতে, ব্রাজিলের মাঝমাঠ ও আক্রমণভাগ এখনই যথেষ্ট শক্তিশালী। তবে ২০২৬ বিশ্বকাপে সফল হতে হলে আনচেলত্তিকে রক্ষণভাগে বিশেষ মনোযোগ দিতে হবে। তার ভাষায়, “যদি ব্রাজিল বিশ্বকাপে কোনো গোল না খায়, তাহলে তারা নিশ্চিতভাবেই প্রতি ম্যাচে অন্তত একটি গোল করবে।”
বিতর্কে জড়ানো ভিনিসিয়ুস জুনিয়র নিয়েও আশাবাদী কাফু। তিনি মনে করেন, বিশ্বকাপই হতে পারে তার জন্য নিজেকে প্রমাণের সেরা মঞ্চ। “যে কোনো বিতর্ক কাটানোর সেরা উপায় হলো বিশ্বকাপ। আট ম্যাচে (ফাইনাল পর্যন্ত) ভিনিসিয়ুসের সুযোগ আছে পুরো বিশ্বকে দেখানোর, সে ফুটবলে কী করতে পারে,” বলেন ব্রাজিলের এই কিংবদন্তি।

