প্রধান খবর

কিউবার সার্বভৌমত্বে সম্মান চায় তিন দেশ

কিউবার সার্বভৌমত্ব রক্ষায় জোরালো অবস্থান নিয়েছে মেক্সিকো, স্পেন ও ব্রাজিল। দেশ তিনটি কিউবার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রতি সহায়তা বৃদ্ধির আশ্বাস দিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কিউবার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মানের আহ্বান জানিয়েছে তারা।

বার্সেলোনায় আয়োজিত এক আন্তর্জাতিক বৈঠকে বামপন্থি নেতাদের অংশগ্রহণে দেওয়া যৌথ বিবৃতিতে কিউবার চলমান মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দীর্ঘদিনের বাণিজ্য নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক নীতিগত চাপ দেশটির অর্থনীতি ও জ্বালানি খাতে সংকট সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে তিন দেশের নেতারা ক্লাউডিয়া শিনবাউম, পেড্রো সানচেজ এবং লুলা দা সিলভা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কিউবার জনগণের কষ্ট লাঘবে সমন্বিতভাবে মানবিক সহায়তা বাড়ানো হবে।

এছাড়া, যৌথ বিবৃতিতে জাতিসংঘ সনদ অনুযায়ী সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা ও শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির নীতির প্রতি গুরুত্ব দেওয়া হয়। দেশগুলো স্পষ্টভাবে জানায়, কিউবার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র কিউবার জনগণের হাতেই থাকা উচিত।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এবং কিউবা ইস্যুতে বহুপাক্ষিক সংলাপের পথ উন্মুক্ত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *