বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং-এর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি বিশেষত সৌরবিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিগতভাবে অগ্রাধিকার দিচ্ছে। ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করা হবে। এ প্রেক্ষাপটে কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অপরদিকে, কানাডার হাইকমিশনার অজিত সিং দুই দেশের বিদ্যমান সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি জানান, কানাডার বিনিয়োগকারীরা এগ্রি-ফুড, ফিনটেক ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে আগ্রহ দেখাচ্ছেন। পাশাপাশি, কানাডায় বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং টেকসই উন্নয়নের পথ আরও সুদৃঢ় হবে।

