রাজধানীর সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পর দৃশ্যমান পরিবর্তন এসেছে যান চলাচলে। আগে যেখানে সিগন্যাল অমান্য করা ছিল নিয়মিত ঘটনা, এখন লালবাতি জ্বলার সঙ্গে সঙ্গেই অধিকাংশ যানবাহনকে নিয়ম মেনে থেমে যেতে দেখা যাচ্ছে।
সরেজমিনে রাজধানীর শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও সোনারগাঁও মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে দেখা গেছে, চালকরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করে চলাচল করছেন। জেব্রা ক্রসিং অতিক্রম করা কিংবা সিগন্যাল অমান্যের প্রবণতাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তারা বলছেন, এআই ক্যামেরার মাধ্যমে সিগন্যাল ভঙ্গ, উল্টোপথে চলাচল, লেন পরিবর্তন এবং অবৈধ পার্কিংয়ের মতো অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে। এরপর যানবাহনের নম্বরপ্লেট শনাক্ত করে মালিকের কাছে ডিজিটাল মামলার নোটিশ পাঠানো হচ্ছে। ফলে আইন অমান্যের প্রবণতা কমে এসেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে বর্তমানে এআইচালিত নজরদারি ব্যবস্থা চালু রয়েছে। পর্যায়ক্রমে আরও বিস্তৃত পরিসরে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখছে। তবে এর দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে জনসচেতনতা ও নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

