প্রধান খবর

জনগণের প্রত্যাশা পূরণে সততা ও জবাবদিহির বিকল্প নেই: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। সুশাসন ও স্বচ্ছতার চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনা, নীতিনির্ধারণ এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যক্তিগত সততা ও দায়িত্বশীলতা কর্মক্ষেত্র ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের ক্ষতি হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন সরকারি ব্যয় ব্যবস্থাপনা ও বিদেশি সহায়তা বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *